রেল লাইনের ফিস প্লেট খোলার সময় দুই ভাই আটক

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের ফিস প্লেট ও নাট খোলার সময় দুই ভাইকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর শহরের জগন্নাথপুর-লক্ষীপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে ইমন মিয়া রিমন ও সাগর মিয়া।  

তাদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের এলাকার চিহ্নিত চোর দাবি করে রেলওয়ে পুলিশ জানায়, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে এ থানায় ছয়টি মামলা রয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল পথের ভৈরবের জগন্নাথপুর এলাকার ৩৩ নম্বর ব্রিজের নিকট রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগর নামে দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি ফিস প্লেট ও পাঁচটি নাট উদ্ধার করে জব্দ করা করা।