নির্বাচন হয়ে যাচ্ছে নয়, নির্বাচন অলরেডি হয়ে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বহির্বিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে। এর কারণ এই সরকার একটি ভুয়া ফলাফল বানিয়ে তাদের ইচ্ছামতো ভোট ভাগাভাগি করে একটি জাতীয় সংসদ সাজিয়ে নেবে। সেই সাজানো জাতীয় সংসদ দিয়ে তারা একটি একদলীয় বাকশালী সরকার গঠন করতে বদ্ধপরিকর।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আমাকে অনেকে জিজ্ঞাস করেন ৭ জানুয়ারির ভোটের পর আপনারা কী করবেন? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সরকারকে বুঝতে হবে, এটা ২০২৪ সাল, ২০১৪ সাল নয়। সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া ধাপ্পাবাজির ভোট করে তারা আবার পাঁচ বছরের জন্য নিশ্চিত করে নেবে, এটা কোনো দিন হবে না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য বুকের রক্ত দিয়েছে। আমরা রাজপথে থাকব, বুলেট মোকাবেলা করব, আমরা গ্রেনেড মোকাবেলা করব, কিন্তু শান্তিভঙ্গ করব না। এই সরকারকে হটিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।
বিএনপির এই নেতা আরো বলেন, ‘ইতিমধ্যে আমি বলেছি, বিশ্বের শুধু গণতন্ত্রকামী সরকারগুলো নয়, আমেরিকা শুধু নয়, ইউরোপীয়ান ইউনিয়ন শুধু নয়, শুধু যুক্তরাজ্য নয়, শুধু কানাডা নয়, শুধু অস্ট্রেলিয়া হয়, বিদেশে যে মানবাধিকার সংস্থাগুলো আছে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশল আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আছে তারা প্রত্যেকে ইতিমধ্যে একটি কথা বলেছে, ২৮ অক্টোবর বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের ওপরে সরকার ক্র্যাকডাউন করে এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে।
এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন, ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা ফেরদৌস পাটোয়ারি, মিজানুর রহমান লিটু, ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লাহ আল বাকি, শাহ মনিরুর রহমান, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম, হারুনার রশীদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।