আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে তার দলের নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ ভোট দেওয়ার মাধ্যমে দলের বিজয় নিশ্চিত করে বিএনপি-জামায়াতের নৃশংসতার যোগ্য জবাব দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠান, দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার অপরাহ্ণে রাজ তিনি পর্যায়ক্রমে এসব এলাকার নির্বাচনী সভায় মতবিনিময় করেন।
শেখ হাসিনা বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসকে ‘দুর্বৃত্তপরায়ণতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এদের এই দুর্বৃত্তপরায়ণতার জবাব দিতে হবে আপনাদের, বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে যেমন আমাদের নৌকার প্রার্থী আছে, সেই সঙ্গে আমরা এই নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এটা আমাদের সেøাগান। কাজেই আপনাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন, কোনোরকম গণ্ডগোল আমি চাই না। আপনাদের সহনশীলতা দেখাতে হবে। নির্বাচনে যার যার ভোট সে সে শান্তি মতো দেবে। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে এবং সে পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। কারণ মনে রাখতে হবে, এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। আর এই বাংলাদেশ নিয়ে তো অনেকে অনেক রকম খেলা খেলতে চায়।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। এদেশে ‘জয় বাংলা’ স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে, তারা এই দেশটাকেই ধ্বংস করতে চায়। তারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। কাজেই দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। যার যার নিজের ইচ্ছামতো ভোট দেবে।
তার সরকারের দেওয়া সুযোগ-সুবিধার কথা বলতে গিয়ে শেখ হাসিনা কম্পিউটার প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি গড়ে তোলা, ঘরে ঘরে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ইন্টারনেট সেবাকে জনগণের হাতের নাগালের মধ্যে নিয়ে আসাসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ ও ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার ও ইনকিউবেশন সেন্টার করে দেওয়ার মাধ্যমে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার পদক্ষেপের উল্লেখ করেন। ঘরে ঘরে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তিকে জনগণের নাগালের মধ্যে নিয়ে এসে তার প্রতিশ্রুত ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের সাফল্যেরও খণ্ডচিত্র তুলে ধরেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা আমরা নিয়ে আসতে পেরেছি। তাই দেশের উন্নয়নটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিএনপি-জামায়াতের চরিত্রটা হচ্ছে দুর্নীতি করা আর মানুষ খুন করা। তারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে। এর থেকে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। ২০১৩ এবং ১৪ সালে যেমন অগ্নিসন্ত্রাস করেছিল, ঠিক সেই ভয়াল রূপ নিয়ে এই নির্বাচনকে সামনে রেখে আবারও তারা মানুষের সামনে হাজির হয়েছে।’ ২০১৩ ও ১৪ সালের অগ্নিসন্ত্রাস এবং ২০১৮ সালে নির্বাচনের নামে ‘মনোনয়ন বাণিজ্যের’ কারণে বিএনপির ভরাডুবি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েই ২০০৮ সালে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে ৩০ আসন আর আওয়ামী লীগ এককভাবে ২৩৩ আসনে বিজয়ী হয়। অন্য আসনগুলো আওয়ামী লীগের শরিক দলগুলো পেয়েছিল। যে কারণে তারা এখন নির্বাচন বানচাল করতে চায়।’
শেখ হাসিনা বলেন, ‘আমি চাই এই নির্বাচনটা সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা সফল হব, জনতার জয় হবে।’
ভার্চুয়ালি যুক্ত এদিনের জনসভাগুলোতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসব এলাকার প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তাদের জন্য নৌকায় ভোট প্রত্যাশা করেন শেখ হাসিনা। বাসস