নৌকার ক্যাম্পে গুলি, স্বতন্ত্র প্রার্থীর সভায় হামলা

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনীতে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে গুলি করার অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ ছাড়া নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী পথসভায় নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছেন। অন্যদিকে মাদারীপুর-৩ আসনে নৌকা প্রার্থীর একটি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : মুন্সীগঞ্জ : জেলা সদরের বজ্রযোগিনীতে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের ক্যাম্পে গুলি করার অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থকদের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে মারধর করে নৌকার সমর্থকরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক অয়ন দেওয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। বটতলা এলাকার নৌকার ক্যাম্প থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী পথসভায় নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভনের (ট্রাক) পাঁচ কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চান্দাই বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে চান্দাই গ্রামের জামিরুল ইসলামের ছেলে মো. রাব্বি (২৫) ও জাহিদুল ইসলামের ছেলে সুইট হোসেনকে (২৩) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ রাতেই নৌকার কর্মী চান্দাই গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে ওয়াদুদ সরকারকে (৫২) গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা চান্দুর মোড়ে নৌকার অফিসে চেয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, মিছিলে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নৌকার অফিসে আগুন দেওয়ার বিষয়টি পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর : মাদারীপুর-৩ আসনে নৌকা প্রার্থীর একটি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার দাবিতে নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে নৌকার সমর্থকরা এই বিক্ষোভ করেছে। বিক্ষোভ মিছিলে ছিলেন নাজিম আকন, মিজান খলিফা, জুলহাস মহাজোন, রিয়াদ কাজী, হাসান মৃধা, কাশেম সরদার, কাঞ্চন সরদার, ইউসুফ সরদার, সত্তার আকন, শাহীন হাওলাদার, স্বপন সরদার প্রমুখ।

নৌকার সমর্থকদের অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মহাজোন বাড়ির সামনে একটি নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরি করে। সেখান থেকে নির্বাচন পরিচালনা করে আসছেন ওই এলাকার নৌকার সমর্থকরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় নৌকার ঝোলানো বেশ কিছু পোস্টারও ছিঁড়ে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শী মো. জুলহাস বলেন, ‘রাত ২টার দিকে স্থানীয়দের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসি। পরে মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। তবে কারা আগুন দিয়েছে, তা জানি না।’

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম বলেন, ‘নৌকার সমর্থকরাই এমন ঘটনা ঘটিয়েছে। যাতে করে আমাদের সমর্থক ও কর্মীদের ওপর দোষ দেওয়া যায়।’

কালকিনি থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শুধু নির্বাচনের জন্য বানানো কাপড় দিয়ে রাস্তার পাশে ক্যাম্পে রাত ২টা থেকে আড়াইটার দিকে কে বা কারা আগুন দিয়েছে। তবে কারা আগুন দিয়েছে কেউ বলতে পারে না। কিছু কাপড় ও কয়েকটি চেয়ারের কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়েছেন।’