নৌকার পক্ষে প্রচারণা, বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাদের এ নোটিশ দেন।

সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় তিন শিক্ষককে শোকজ করা হয়েছে বলে অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে। ওই তিন শিক্ষককে  শুক্রবার ৫ জানুয়ারি বিকেল ৩টায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, প্রভাষক সৈয়দ আশরাফ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম। প্রত্যেক শিক্ষককে পৃথকভাবে পাঠানো কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গত ৩ জানুয়ারি তারিখে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে সরবরাহ করা হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে শুক্রবার ৫ জানুয়ারি বিকেল ৩টায় সশরীর নিম্ন স্বাক্ষরকারীর খাসকামরায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।