উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পর দেশটির হাল কে ধরবে, তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবার দাবি করেছে, কিমের কিশোরী কন্যা যাকে বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজে কিমের সঙ্গে দেখা যায়; সেই কিম জু-আয়ে হতে পারে কিম জং উনের ‘সম্ভাব্য’ উত্তরসূরি।
বিবিসি বলছে, এই প্রথম দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) কিম জু-আয়ে’কে কিম জং উনের উত্তরাধিকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে তুলে ধরল। তবে এনআইএস বলেছে যে, তারা এখনও পিয়ংইয়ংয়ের উত্তরাধিকার পরিকল্পনায় ‘সব সম্ভাবনা’ বিবেচনা করছে।
২০২২ সালের শেষ দিকে প্রথম জনসম্মুখে উপস্থিত হওয়ার পর থেকেই ‘ভিন্ন’ এক ব্যক্তিত্ব নিয়ে কিম জু-আয়েকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যেতে থাকে।
এনআইএসের মতে, ‘জু-আয়ে জনসম্মুখে আসার পর থেকে জনসাধারণের কার্যকলাপের ব্যাপক বিশ্লেষণ এবং তার প্রতি উত্তর কোরীয়দের সম্মানের মাত্রার ভিত্তিতে বলা যায়, বর্তমানে তিনিই কিমের সম্ভাব্য উত্তরসূরি।’
গোয়েন্দা সংস্থাটি আরও বলছে, ‘তবে আমরা অন্য সব সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না, আমাদের চোখ খোলা আছে। কারণ, কিম জং উন এখনও তরুণ এবং তার কোনো বড় স্বাস্থ্য সমস্যা নেই।’
ধারণা করা হয়, কিম জু-আয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দ্বিতীয় বড় সন্তান এবং তার বয়স ১০ বছরের আশপাশে।
এনআইএস ছাড়াও দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিম ইউং হো গতমাসে একটি সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে একই মতামত জানান। তিনি বলেন, ‘ কিমের মেয়ের প্রতি ধারাবাহিক গুরুত্ব এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক চাপে থাকা দেশটি কিমের উত্তরসূরি এখনই ঠিক করে রাখছে।’