দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লবকে কারণ দর্শনানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার বিকালে গাইবান্ধা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
তাকে আজ শুক্রবার রাত ৯টায় সহকারী জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গত বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা শহরের শহীদ মিনারে নৌকার নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য প্রদানকালে পৌর মেয়র বলেন, ‘কে কী করে জানা আছে, সময় আছে, ফিরে আসেন নৌকায়, নইলে ৮ তারিখে পলাশবাড়ীর মাটিতেই তাদের বিচার হবে। এসব বক্তব্যের মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) নং-এর বিধান লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় গোলাম সারোয়ার বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ ও আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’