আচণিবিধি লঙ্ঘন: আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। 

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন)  মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। 

মামলায় মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ ডিসেম্বর আমতলী পৌর শহরের নিজের বাড়ির সামনে যুবলীগের বর্ধিত সভায় কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শণ করেছেন। মেয়র মতিয়ার রহমানের এমন বক্তব্য দেওয়ার পর আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় তদন্ত কমিটি সত্যতা পায়। তারই প্রেক্ষিতে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনতিবিলম্বে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ ঘটনায় শুক্রবার আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়েই তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, চিঠির আদেশ মতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগের ভিত্তিতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।