নির্বাচনের আগে হরতালে সড়কে গাড়ি কম, ভোগান্তিতে জনসাধারণ

আগামী কাল অনুষ্ঠিতব্য ‘একতরফা’ নির্বাচন বর্জন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত হরতাল দিয়েছে বিএনপি।

হরতাল শুরুর দিন শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ও সড়কে গণপরিবহনের উপস্থিতি থাকলেও তা অন্য দিনের তুলনায় খুবই কম। সড়কে গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার ধারে অনেক মানুষকেকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

তবে যারা গণপরিবহনে উঠতে পেরেছেন তাদের মধ্যেও বিরাজ করছে ভয় ও আতঙ্ক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাশকতার আশঙ্কাও করছেন অনেক যাত্রী। অনেক যাত্রী আবার গাড়ির জানালার গ্লাস বন্ধ করে রেখেছেন আতঙ্কে।

রাস্তায় গণপরিবহণ কম থাকায় হেটেই কর্মস্থলে রওয়ানা দিতে দেখা যায় অনেককে।

এর আগে শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকেই।

আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।