মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলা থেকে মুক্তি ম্যারাডোনার

অবশেষে কর ফাঁকি মামলায় কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে অব্যাহতি দিল ইতালির সর্বোচ্চ আদালত। যার জন্য দীর্ঘ ৩০ বছর ধরে লড়াই করতে হয়েছে তাকে। ইতালির রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে এই লড়াই জেতার খবরটি যখন এল, তার তিন বছর আগেই অন্যলোকে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি লিখটেনস্টাইনের প্রক্সি কোম্পানি ব্যবহার করে ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত তখনকার ক্লাব নাপোলি থেকে পাওয়া ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত এ অভিযোগ প্রমাণিত হয়নি।

ম্যারাডোনার অন্য রকম এ জয় নিয়ে তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা শেষ হলো। আমি স্পষ্টভাবে নির্ভয়ে বলতে পারি যে ম্যারাডোনা কখনোই কর ফাঁকি দেননি।’

ম্যারাডোনার বিরুদ্ধে কর ফাঁকি অভিযোগে তদন্ত শুরু হয় ১৯৯০ সালে। যে ধারাবাহিকতায় ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও পরবর্তীকালে সামনে আনা হয়। এরপর বিভিন্ন সময় ইতালি সফরকালে তাঁর বেশ কিছু সম্পদও বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে লম্বা সময় ধরে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন ম্যারাডোনা। তবে এ মামলার নিষ্পত্তির আগেই ২০২০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।

মৃত্যুর পরও অবশ্য থামেনি আইনি লড়াই। তবে শেষ পর্যন্ত এ লড়াইয়েও জয় পেয়েছেন ম্যারাডোনা।