লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

লোহিত সাগর দিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়ের্স্ক। মূলত হুথিদের হামলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। খবর আল জাজিরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা চলতে থাকায় ওই জলসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে ড্যানিশ কোম্পানিটি আরও জানিয়েছে যে, তারা "অদূর ভবিষ্যতের" জন্য লোহিত সাগর এবং সুয়েজ খাল ব্যবহার করার পরিবর্তে আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের জাহাজগুলো ভূমধ্যসাগরে পৌঁছাবে।

সাধারণত আফ্রিকা মহাদেশ ঘুরে আসার জন্য একটি জাহাজকে ১০ দিন অতিরিক্ত সময় ও বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি ব্যয় করতে হয় যার ফলে শিপিং খরচ বেড়ে যায় বিপুল পরিমাণে।

কোম্পানিটি বলছে, লোহিত সাগরের পরিস্থিতি ‘অতি উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ’ থাকায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এই নিয়ে দ্বিতীয় বারের মতো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল মায়ের্স্ক। এর আগে গত বছরের নভেম্বরেও ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালানোর কারণে মায়ের্স্কসহ বিশ্বের বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রেখেছিল।

কিন্তু গত মাসে মার্কিন নৌবাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে লোহিত সাগরে কথিত আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেওয়ার পর ড্যানিশ কোম্পানিটি গত রোববার ওই টাস্ক ফোর্সের ছত্রছায়ায় জাহাজ চালানোর সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার, মায়ের্স্ক জানিয়েছে যে ইতিমধ্যেই তারা জাহাজগুলিকে চলাচলের বিষয়ে পুনঃনির্দেশ করা শুরু করেছে।

নভেম্বর থেকে, দক্ষিণ লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী কমপক্ষে ২৫টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।