ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের জাফা এলাকায় ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ওই হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।
সোমবার (৮ জুন) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা লোহিত সাগরে ইসরায়েলের চলাচলের ওপর 'পূর্ণ নিষেধাজ্ঞা' আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ওই অঞ্চলে ইসরায়েলি যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, 'উত্তেজনার জবাবে উত্তেজনা' দেওয়া হবে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সামরিক অভিযান আরও তীব্র করা হবে। পাশাপাশি তারা ‘প্রতিরোধ অক্ষ’-এর সঙ্গে সমন্বয় রেখে অভিযান চালাবে বলেও জানান তিনি।