নির্বাচনের আগের রাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনাটি ঘটে। কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির সামনের গ্লাসে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাঙচুর করে। আমি তখন ভয় পেয়ে যাই। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরও দু’একটি সিএনজিও ভাঙচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।