খিলক্ষেতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার অন্বেষণ স্কুল কেন্দ্র এলাকায় ভোট শুরুর ১০ মিনিট আগে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। ভোটার উপস্থিতি কমে যায়। 

ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, বিষয়টি আমরা দেখছি। কারা এই ঘটনা ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। 

এ দিকে গতকাল শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজি ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই রাস্তায়। 

অপরদিকে হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।