শারীরিক প্রতিবন্ধী ফজলু মিয়া (৬০)। রাজধানীর যাত্রাবাড়ীতে ভিক্ষা করেন। থাকেন উত্তর যাত্রাবাড়ী এলাকায়। আজ ভোটের দিনে সেজেগুজে তিনি ভোট দিতে এসেছেন যাত্রাবাড়ী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে। তার ভোটার নম্বর ১১৫৭।
তিনি দেশ রূপান্তরকে জানান, এর আগে ৭টি জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। ভোট দিতে তার ভালো লাগে। ভোটের দিনে বরাবরই তার চাওয়া শান্তির দেশ। সঙ্গে চালডালসহ নিত্যপণ্যের সহনীয় মূল্য। নির্বাচন কেমন লাগছে এমন প্রশ্নে তিনি বলেন, 'দেশে ইলেকশন হইতাছে। হের লাইগা ভোট দিতে আইছি। আমরার মতো গরিবেরা ভোট দেয় এট্টু ভালো থাহার লাইগ্যা।'
তবে ভোটারের উপস্থিতি কম হওয়ায় একটু মন খারাপ বলে জানান ফজলু। তিনি বলেন, 'এহন আর ভোটের লাইন দেহি না। সকলে মিইল্যা ভোট দিতে আসলে ভাল লাগে।' বলেন, 'এইডা আমার অধিকার (ভোট)। আসছি ভোটটা দিতে। দেশটাতে শান্তি চাই। চালডালের চালডালের দাম যেন কমে। নাইলে আমরার মতো মাইনসে চলতে কষ্ট হয়।'