২৫ হাজারেরও কম ভোটে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:১২ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখের বেশি ভোট পেয়েও যেখানে হেরে যাওয়ার ঘটনা আছে সেখানে ঢাকার একটি আসনে ২৫ হাজারেরও কম ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে ঢাকা-৪ আসনে। যাত্রাবাড়ী ও শ্যামপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে এই জয় পেয়েছেন আওলাদ হোসেন। 

২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। সংসদ সদস্য হয়েছিলেন সংসদে প্রধান বিরোধী দলটির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এবার তাকে ছাড় না দিয়ে আওয়ামী লীগ সেখানে প্রার্থী করে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিজয়ী সানজিদা খানমকে।

নৌকা পেয়ে সানজিদা জয়ের আশায় ছিলেন। কিন্তু তাকে হতাশ করেন আওলাদ, যিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। 

আওয়ামী লীগের ছাড় না পেলেও প্রার্থী হিসেবে থাকেন জাতীয় পার্টির বাবলাও। আওয়ামী লীগের ভোট ভাগাভাগির ফাঁকে জয়ের আশা ছাড়ছিলেন না তিনিও। 

তবে ভোটের হিসাবে দেখা যায়, সামান্য ব্যবধানে সানজিদাকে হারিয়ে বাজিমাত করে ফেলেন আওলাদ, অন্যদিকে ক্ষমতাসীন দলের ভোট ভাগাভাগিতেও বহু ব্যবধানে তৃতীয় হন বাবলা। 

ট্রাক নিয়ে আওলাদের বাক্সে পড়ে ২৪ হাজার ৭৭৫, নৌকা নিয়ে সানজিদা পান ২২ হাজার ৫৭৭ ভোট। বাবলার লাঙ্গলের পক্ষে ছিলেন ৭ হাজার ৭৯৮ জন ভোটার। 

বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের এই নির্বাচনে আসনটিতে এবার ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। তিনজন আলোচিত প্রার্থী থাকলেও তারা ভোটার টানতে পারেননি। 

ঢাকা জেলায় ২০টি আসনে এবার ভোটের হার ২৫ দশমিক ৯৩ শতাংশ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত