পরিচয় জানতে চাইলেই পালালেন ভোটাররা

চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকালে ভোট কেন্দ্রে ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ছে ভোটারের সংখ্যা। তবে ভোটার দেখাতে কৃত্রিম লাইনও দাঁড়াতে দেখা গেছে নৌকার সমর্থকদের।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-৮ আসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কেন্দ্রের গেইটের সামনে এ চিত্র দেখা যায়। নৌকা প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিমের সমর্থকরা এই কৃত্রিম লাইন তৈরি করেন। এসময় সাংবাদিকরা এ কেন্দ্রের ভোটার কি-না জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তারা, পরে লাইন ভেঙে চলে যান এসব ভুয়া ভোটার।

লাইনে দাঁড়ানো এক ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। আইডি কার্ড দেখাতে বললেও তিনি দেখাননি। কেন্দ্রের ভেতরে যাচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, আমাদের আরও কিছু ভাই ব্রাদার আসবে তারা আসলে একসঙ্গে আমরা যাব। যদিও একটু পরেই সেখান থেকে সটকে যান তারা।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার কুদরত আলী বলেন, আমাদের কেন্দ্রের ভেতরে এমন কোনো লাইন আমরা দেখিনি। গেইটের বাইরে কেউ দাঁড়ালে সে দায়িত্ব আমাদের না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু নোমান মো. জিয়াউল হক মজুমদার, এম এ ইউসুফ, এস এম সারোয়ার, খন্দকার এনামুল নাসির, মোস্তাফিজুর রহমান, আবুল কালাম জুয়েল, জুবের আলম খান, রাসেল কবির, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন।