ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
খসরু চৌধুরী বলেন, ‘এখানে দেখলাম আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো আছে। এখনও ভোটারদের প্রেশার হয়নি। মনে হচ্ছে আধা ঘণ্টা এক ঘণ্টা পরেই ভোটারদের প্রেশার শুরু হবে।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘শেরেবাংলা আইডিয়াল স্কুলে আমার এজেন্টকে বের করে দিয়েছে। খুব বকাঝকা করেছে ট্রাক মার্কার লোকজন। এখন আমরা চেষ্টা করছি তাদের ভেতরে ঢোকানোর জন্য। আশা করতেছি তারা ঢুকতে পারবে।’
খসরু বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারের সঙ্গেও কথা হয়েছে। তারপরও যদি এরকম করে তাহলে সেন্টারটি কি করা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করা হবে।’
ফলাফল যাই হোক মেনে নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার মতো এমন ঘটনা ঘটলে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি মেনে নিব।’
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে।’
উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বলেন, ‘উত্তরখানের পরিবেশ সুষ্ঠু সুন্দর রয়েছে। কোথাও কোন ধরনের ঝামেলার খবর আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ্ পরিবেশ পরিস্থিতি ভালো আছে।’
উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে ডিবির পুলিশ পরিদর্শক এম মোর্শেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘উত্তরখানের সকল কেন্দ্রেই নির্বাচনের ব্যালট বক্স, ব্যালট পৌঁছেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটার কেন্দ্রের নিচতলায় পুরুষদের জন্য ৬টি ও দ্বিতীয় তলায় নারীদের জন্য ৭টি বুথ রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৬৭৫২ জন। পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. বদিউদজ্জামান বলেন ‘এই কেন্দ্রে মোট ভোটার ৩২৩৭। ভোটার সবাই পুরুষ।’
তিনি আরও বলেন, ‘শুরুতেই উপস্থিতি ভালো আছে। ভোটারের বাইরে লাইনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই।’
নারী ভোটকেন্দ্রের ওয়াহিদ আহমেদ বলেন, ‘আমার এখানে সাতটি বুথ রয়েছে। মোট ভোটার ৩৫১৫ জন। সকালের শুরুতে উপস্থিতি ভালো রয়েছে।’
