৪ ঘণ্টায় ১৩০০ ভোট, বাইরে উত্তেজনা

গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার ঘণ্টায় ১৩০০ ভোট গ্রহণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩২৬জন। মোট ৬ টি বুথে ভোটগ্রহণ চলছে।

এদিকে সকাল ৯টার দিকে নৌকা প্রার্থী মেহের আফরোজ চুমকির সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার চার সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মাসুম মিয়া দেশ রূপান্তরকে বলেন, সকাল ৯টার দিকে নৌকার সমর্থকরা ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করার চেষ্টা করে। এসময় আমরা প্রতিবাদ করি। তখন নৌকার সমর্থকরা বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা করে। আমিসহ চারজন আহত হয়েছি।

তখন থেকে ভোট কেন্দ্রের বাহিরে দুই পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভোটকেন্দ্রের দুই পাশে তারা অবস্থান নিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, বাইরে ঝামেলা হলেও হতে পারে। তবে ভোটকেন্দ্রের ভেতরে পরিবেশ শান্ত আছে।