পুরুষ ভোটারের উপস্থিতি কম হলেও ভোট পড়েছে বেশি

ঢাকা-১৪ আসনের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রগুলোতে নারী ভোটারের ভিড় পুরুষের তুলনায় বেশি হলেও ভোট পড়েছে কম। অন্যদিকে পুরুষ কেন্দ্রগুলোতে ভিড় অনেক কম হলেও ভোটগ্রহণ বেশি হয়েছে। এই কলেজে নারী ও পুরুষের জন্য ৫টি করে মোট ১০টি বুথ রয়েছে।

এই কেন্দ্রে ১৫ হাজার ১৮৩ জন নারী ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১১৬২ জন। ভোট গ্রহণের হার ৭ শতাংশ। অন্যদিকে ১৩ হাজার ৯৫ পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬২৭ জন। শতকরা হিসেবে ১২.৪২ শতাংশ।

দেখা গেছে, কেন্দ্রটির বাইরে মানুষের জটলা থ্যাকলেও অধিকাংশ বুথে ভোটার শূন্য। কোথাও দুই-একজন ভোটারের দেখা মিলছে। ভোটগ্রহণ শুরুর পর প্রথম নারী ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তবে পুরুষ ও তরুণদের উপস্থিতি কম।

রবিবার দুপুর ১২টা পর্যন্ত এখানকার ১০টি কেন্দ্রে ভোট পড়েছে ২৭৮৯। অথচ এখানকার ভোটার সংখ্যা ২৮ হাজার ২৭৯। ঢাকা-১৪ আসনের মধ্যে এখানে বেশিসংখ্যক ভোটার।

এদিন সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও আস্তে আস্তে তা কমছে। এখানে ১০৭ নম্বর কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলা ভোটারের উপস্থিতি থাকলেও দুই ঘণ্টায় ২৪৯৩ ভোটারের মধ্যে ৪৪৯টি ভোট পড়েছে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট কাস্ট হওয়া কেন্দ্র এখানকার। এখানে নারী এবং তুলনামূলক বয়স্ক ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি। তবে পুরুষ এবং তরুণদের উপস্থিতি খুবই কম। কাঙ্ক্ষিত বুথ খুঁজে পেতে অনেকে হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে এই আসনটিতে ১৪ জন প্রার্থী হলেও গড়ে প্রতিটি বুথে ৪ থেকে ৫ জন পোলিং এজেন্ট পাওয়া গেছে। বেশিরভাগ প্রার্থীর পোলিং এজেন্টের দেখা মেলেনি।