কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে ভোট দিলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম-১০ আসনে (ডবলমুরিং) একটি  কেন্দ্র দখল করে  নৌকা  প্রতীকে  ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে নগরের নাছিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার এক নম্বর বুথে এ ঘটনা ঘটে।

নৌকায় সিল মারার ছবি তোলার কারণে দুই সাংবাদিককে মারধর করে তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ছবি ও ভিডিও ডিলেট করে দেওয়া হয়েছে।  

জানা গেছে, দুপুর তিনটার দিকে নৌকার কার্ড গলায় ঝুঁলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন এক যুবক। ওই যুবক কেন্দ্রটির দ্বিতীয় তলার একটি কক্ষে নৌকায় সিল দিতে থাকেন। এ সময় উপস্থিত  সাংবাদিকদের দেখে ওই ব্যক্তি ভোটকক্ষ ত্যাগ করেন। পরে আরেকটি কক্ষেও পোলিং কর্মকর্তার উপস্থিতিতে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।

কেন্দ্র দখল করে জাল ভোট  দেওয়া এবং ওই সাংবাদিককে মারধর করা লোকজন খুলশী থানা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এর মধ্যে একজন নিজেকে খুলশী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার নামে পরিচয়  দেন। 

তবে সিল মারার বিষয়টি অস্বীকার করে নুরুল আবছার সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি তিনি শুনেছেন। এতে তিনি জড়িত নন।’ 
এ বিষয়ে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, আমরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।