বিপুল ভোটে জিতলেন পরিকল্পনামন্ত্রী মান্নান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি এক লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনূর পাশা চৌধুরী সোনারী আশঁ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন চার হাজার ৯৫টি।

রোববার (৬ জানুয়ারি) রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৮.৭৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গণনা। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে মোট ভোটার তিন লাখ ৩১ হাজার ৭৭ জন।