বলেছেন গ্রায়েম স্মিথ

'ফ্র‍্যাঞ্চাইজি লিগ চার সপ্তাহ, টেস্টের প্রচুর সময়'

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ক্রিকেটাররা এসএ টোয়েন্টিতে ব্যস্ত থাকবেন বলে আগামী মাসে নিউজিল্যান্ড সফরের টেস্টের জন্য অনভিজ্ঞদের নিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক টেস্ট ক্রিকেট, না ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি। 

টি-টোয়েন্টি টুর্নামেন্টকে প্রাধান্য দিতে গিয়ে দ্বিতীয় সারির দল গঠন করা টেস্ট ক্রিকেটের মৃত্যুর মুহূর্ত নির্ধারণী কি না, এমন প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এবি ডি ভিলিয়ার্স বলেছেন, টি-টোয়েন্টির কারণে ভারতের বিপক্ষে সিরিজে তৃতীয় কোনো ম্যাচ রাখা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও এসএ টোয়েন্টির লিগ কমিশনার গ্রায়েম স্মিথের ভাবনাটা ভিন্ন। তার মতে, এসএ টোয়েন্টির জন্য বছরে দরকার চার সপ্তাহ। টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়ার জন্য বছরের বাকি সময়টা যথেষ্ট।

যে এসএ টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে আনকোরাদের ডাকা হয়েছে, সেটি শুরু হবে আগামী বুধবার।

এসএ টোয়েন্টি শুরুর আগে টেস্টের সঙ্গে তুলনামূলক বিতর্ক ওঠায় তাই খানিকটা যেন বিরক্ত স্মিথ। চলমান বিতর্কের দিকে ইঙ্গিত করে পিটিআইকে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এসএ টোয়েন্টিকে ভবিষ্যতের বড় অংশ হিসেবে এবং সফল হয়ে ওঠার সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এটা (এসএ টোয়েন্টি) বছরে চার সপ্তাহের ব্যাপার। এর বাইরে টেস্ট ক্রিকেটের জন্য প্রচুর সময় আছে।’

স্মিথের আগে এসএ টোয়েন্টির পক্ষে ‘ব্যাট ধরেন’ দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ শুকরি কনরাড। আর্থিক কারণে টি-টোয়েন্টি লিগ না থাকলে দক্ষিণ আফ্রিকায় টেস্টও থাকবে না বলে মন্তব্য করেন তিনি। আর সিএসএ এক বিবৃতিতে জানায়, এখনো টেস্টকেই প্রাধান্য দিচ্ছে তারা। কিন্তু সূচি সাংঘর্ষিক হয়ে যাওয়ায় টেস্ট সিরিজ পেছানোর চেষ্টা করেও সেটা সম্ভব হয়নি।