তীব্র কুয়াশায় চায়ের রাজ্যে বাড়ছে শীত!

চায়ের দেশে শীতের রূপ যেন মোহনীয়। স্নিগ্ধতা, প্রশান্তি আর চোখ জুড়ানো সৌন্দর্য ছড়িয়ে দেয় প্রকৃতিতে। তবে সেই প্রকৃতি যদি চা শিল্পাঞ্চলময় হয়, তবে প্রাপ্তির খাতায় যোগ হয় বাড়তি কিছু। বিস্তৃত চা বাগানের ঘন সবুজ চা পাতায় মিশে যায় কুয়াশাজড়ানো মৃদু শীত। 

প্রতিদিন ভোর কিংবা সকালে চা পাতার গায়ে কুয়াশার উপস্থিতি হয়ে দেখা দেয় জলজ কণা। ছোট-বড় চা পাতার মাঝে বিন্দু বিন্দু শিশির বরাবরই সুন্দর দৃশ্যের জন্ম দিয়ে থাকে। মজার ব্যাপার হলো— বেলা গড়ালে এবং রোদের তাপ বাড়তে থাকলে সেই কুয়াশা উধাও হয়ে যায়।

চা বাগানের প্রতিটি সকাল মৃদু কুয়াশায় ভরা থাকে এ সময়। দূরে চোখ যেতেই দেখা মেলে শীতার্ত প্রাকৃতিক দৃশ্যের। চা গাছের পাতায় জমেছে শিশিরকণা। পাকা সড়ক থেকে নেমে চা বাগানের চা গাছেদের অন্তঃপুরে যেতে চায় মন।

পর্যটন নগরী হওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে প্রকৃতিপ্রেমীরা এসে চা গাছ দেখে তার নিবিড় স্পর্শ নিতে চান আপন হাতে। যারা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি না করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, সেসব পর্যটকের জন্যই অধীর আগ্রহে সৌন্দর্য মেলে ধরেছে চা বাগানের শীত সকাল।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে এ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের তাপমাত্রা এখন থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শীত আরও বেশি অনুভূত হতে থাকবে।