চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা গ্রামের ঢাবা মাঠে এক নারীকে হত্যার পর পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার জনের মধ্যে তিন জন নারীও আছে। মঙ্গলবার ( ৯ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাববগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, গত ৬ জানুয়ারি শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর মুন্সিপাড়ার কাউসার আলীর স্ত্রী স্বপ্না আক্তার জেসমিনকে হত্যার পর পেট্রোল দিয়ে পুড়িয়ে মহাডাঙ্গার ঢাবা মাঠে ফেলে রাখা হয়। এ ঘটনায় জেসমিনের ভাই হাবিবুর রহমান সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার পরে পুলিশ হত্যাকাণ্ডের মূলহোতা শরিফুল ইসলামসহ জড়িত পারভীন (৩৫), আয়েশা বেগম (৪২) ও লেতুন জেরাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাববগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু বলেন, ‘গ্রেপ্তার হওয়া শরিফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে জেসমিনকে হত্যা করা হয়। জেসমিনকে কেউ যেন চিনতে না পারে এজন্য তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।