চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় গরুবাহী ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। 
 
নিহতরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার পুলিশ মাইল ঝাবুবাজার গ্রামের মৃত নবাব জানের ছেলে আয়েশ উদ্দীন (৭৫), তার ছেলে শরিফ ইসলাম (৪৪) এবং আব্দুল হাকিম।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় নাচোল সোনাইচন্ডি হাট থেকে আসা গরুবাহী ভটভটি উল্টে সড়কের খাদে পড়ে যায়। এতে ভটভটি আরোহী ১০ গরু ব্যবসায়ী আহত হয়।
 
তিনি জানান, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশ ও শরিফুল মারা যায়।  আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, দুর্ঘটনার পর দুইজন নিহত হয় পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত