ম্যারাডোনার দেয়ালচিত্র রক্ষায় নেপলসবাসীর বাধার মুখে আবাসন কর্তৃপক্ষ

১৯৮০’র দশকের শেষ দিকে পিছিয়ে থাকা ইতালিয়ান শহর নাপোলিকে ফুটবল বিশ্বে পরিচিতি এনে দিয়েছিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার হাত ধরে দুটি লিগ শিরোপা এবং একটি উয়েফা কাপের ট্রফি জিতেছিল নাপোলি। নেপলসবাসীর কাছে তাই ম্যারাডোনা একটি উন্মাদনার নাম।

সেই ম্যারাডোনার কারণেই এবার একটি আবাসন পুনর্নির্মাণ প্রকল্পকে ঘিরে তৈরি হয়েছে সংকট। সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে বিশালাকার একটি দেয়ালচিত্র তৈরি করেছিলেন নেপলসবাসী। সেটিই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্প বাস্তবায়নের জন্য।

১০ কোটি ৬০ লাখ ইউরোর এই আবাসন পুনর্বাসন প্রকল্পটির অর্থায়ন করছে ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান। প্রকল্পের উদ্দেশ্য- সান জিওভান্নি তেদুচি এলাকায় দুটি আবাসিক ভবন ভেঙে নতুন করে নির্মাণ করা। আগামী ফেব্রুয়ারিতে নতুন এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। যে দুটি ভবন ভাঙা হবে তার একটিতেই রয়েছে সেই চিত্রটি।

২০১৭ সালে দেয়ালচিত্রটি তৈরি করেছিলেন স্ট্রিট আর্টিস্ট জোরিত। এই দেয়ালচিত্রে ম্যারাডোনাকে ‘মানব-ঈশ্বর’ হিসেবে তুলে ধরেছেন জোরিত। মূলত ম্যারাডোনার হাত ধরে ১৯৮৭ সালে নাপোলির ইতালিয়ান লিগের শিরোপা জেতার ৩০ বছর পূর্তিতে বানানো হয়েছিল দেয়ালচিত্রটি।

ম্যারাডোনার স্মৃতিবিজড়িত দেয়ালচিত্রটি ভবন পুনর্নির্মাণের জন্য ধ্বংস করে ফেলার বিপক্ষে সেখানকার অনেক অধিবাসী। দেয়ালচিত্রটি অক্ষত রেখে নির্মাণ কাজ করা হোক তাদের চাওয়া এটুকুই। শিল্পী জোরিতেরও তাই চান।  এছাড়া দেয়ালচিত্রের কারণে এলাকাটিও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এমন অবস্থায় অদ্ভুত সংকটের মুখেই পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।