মন্ত্রী সাবের হোসেনকে ঘিরে নানা আলোচনা

আওয়ামী লীগের রাজনীতিতে এক বড় চমকের নাম সাবের হোসেন চৌধুরী। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টুকে মনোনয়ন না দিয়ে ঢাকা-৬ থেকে সাবের হোসেনকে মনোনয়ন দিলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার আওয়ামী লীগ মন্ত্রীসভায় তরুণ সাবের চমক হিসেবে উপমন্ত্রীর দায়িত্ব পান।

আওয়ামী লীগ সভাপতির স্নেহধন্য সাবের ১/১১ তে সংস্কারপন্থী হিসেবে তকমা পেয়ে রাজনীতিতে আড়ালের বাইরে চলে যান। রাজনীতিতে তিনি গুরুত্ব হারিয়ে ফেলেন। কিন্ত তিনি থেমে না গিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখেন। ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ যে ৪ বার মন্ত্রীসভা করে প্রতিটিতে আলোচনায় থাকলেও জায়গা না পাওয়া সাবেরের এবার কপাল খুলেছে।

নতুন মন্ত্রীসভায় জায়গা পাওয়া সাবের হোসেন চৌধুরীকে ঘিরে একাধিক মন্ত্রণালয়ের গুঞ্জন চলছে। তার আন্তর্জাতিক যোগাযোগের কারণে অনেকেই মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাল ধরতে পারেন তিনি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করা সাবেরকে অনেকেই দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে। তবে দীর্ঘদিন ধরে বৈশ্বীক পরিমণ্ডলে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করায় অনেকেই তাকে দেখছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে।

আবার ৯৬ এর মন্ত্রীসভায় নৌপরিবহন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবের আছেন এই ২ মন্ত্রণালয়ের আলোচনায়ও। আবার সবাইকে চমক দিয়ে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বসেন কী না তা নিয়েও গুঞ্জন রয়েছে।