মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর এই তথ্য জানানো হয়।
এর আগে ফরহাদ হোসেন একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন মন্ত্রী সভায় তাকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। দক্ষতার সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই পুরস্কার দিয়েছেন।
টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন। বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের মেহেরপুরে এই প্রথম পূর্ণমন্ত্রী হলেন কেউ। ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ব্যাপক সফলতা দেখান। তাকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়নি গোটা সময়ে।
১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন ফরহাদ হোসেন। তার পিতা সহীউদ্দিন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সংগঠক। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০২২ সালে সহীউদ্দিনকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ফরহাদ হোসেন বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয় লাভ করেন।