কলমাকান্দায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

নেত্রকোণার কলমাকান্দায় সিএনজি চালিত অটোরিকশা চাপায় তারা বানু (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘুতুরা বাজারের রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা বানু উপজেলার গুতুরা গ্রামের মৃত সুলেমান আলী স্ত্রী। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধা তারা বানু বৃহস্পতিবার সকালে গুতুরা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন।  এ সময় তাকে সিএনজি চালিত অটো রিকশা ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে তারা বানু নামে এক বৃদ্ধা সিএনজির ধাক্কায় মারা গেছেন। মৃতের ছেলের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধার ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।