মিয়ানমারের সামরিক জান্তার প্রধান মিন মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত আসিয়ান জোটের বিশেষ দূত অ্যালোনকিও কিত্তিখাউন। আসিয়ান জোটের বর্তমান চেয়ার লাওসের তরফ থেকে তাকে দূত হিসেবে পাঠানো হয়েছে।
ওই আলোচনার কথা উল্লেখ করে জান্তাশাসিত মিয়ানমারের সংবাদমাধ্যম জানায়, রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা এবং জাতীয় পুনর্মিলনের ওপর আলোচনা হয়েছে।
মিয়ানমারের গণতন্ত্রপন্থিদের আন্দোলন এবং ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে সব সময়ই উদ্বেগ প্রকাশ করেছে আসিয়ান। সংকট সমাধানে পাঁচ দফা পরিকল্পনা পেশ করেছিল জোট। তবে এখনো এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে মিয়ানমারের গণমাধ্যম বলছে, সর্বশেষ বৈঠকে অং হ্লাইং বলেন, আসিয়ানের পাঁচ-দফা ঐকমত্য বাস্তবায়ন করছে মিয়ানমার প্রশাসন।
এদিকে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আইনপ্রণেতাদের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র কিয়াও জাও বলেন, বিশেষ দূতের শুধু জান্তা নয়, সবার সঙ্গে কথা বলা উচিত।