‘হতদরিদ্রের হার শূন্যে আনার সর্বোচ্চ চেষ্টা করব’

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাব রবিবার। তারপর বুঝব নতুন কি কি চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণকর রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশে বলেন, আপনারা আমাকে সারা জীবন ভোট দিয়ে ঋণী করেছেন। একবার নয়, চারবার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের এই ঋণ শোধ করবার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এটি আমার জন্য সৌভাগ্য। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।