হেরে যাওয়া ম্যাচে সায়েম আইয়ুবের রেকর্ড

হার দিয়ে কিউইদের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কত্বের অভিষেক করলেন শাহিনশাহ আফ্রিদি। তবে তার সতীর্থ সায়েম আইয়ুবের জন্য দিনটি ছিল রেকর্ডময়। ব্যাটিং এবং ফিল্ডিংয়ে পাকিস্তানের হয়ে দারুণ কিছু কীর্তি গড়েছেন তিনি।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে পাকিস্তান। এই ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারিসহ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে চারটি ক্যাচ নিয়েছেন সায়েম। যা পাকিস্তানের কোনো ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।

এরপর ব্যাট হাতেও ঝড় তোলেন ২১ বছর বয়সী এই ওপেনার। মাত্র ৮ বলে খেলেন ২৭ রানের ঝড়ো ইনিংস। তার এই আগ্রাসী ইনিংসে ছিল তিনটি ছয় ও দুটি চারের মার। ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৩৩৭.৫, যা পাকিস্তানের টপ অর্ডার ব্যাটিংয়ে ন্যূনতম ২৫ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।

এর মাধ্যমে তরুণ এই ক্রিকেটার পেছনে ফেলেছেন শহিদ আফ্রিদিকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৫ বলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ২৬০। এছাড়া একই সংস্করণের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪.৫ স্ট্রাইকরেটে ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেছিলেন মোহাম্মদ হারিস। তাদের দুজনকেই ছাপিয়ে গেলেন সায়েম।