'পাপা এটি তোমার জন্য’, ১৩ বলে ফিফটির রেকর্ড গড়ে ছেলের চিঠি

আপডেট : ১০ মে ২০২৬, ১১:১৭ পিএম

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ রূপকথা লিখলেন উরভিল প্যাটেল। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের রান তাড়া করতে নেমে আইপিএল ইতিহাসের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন এই হার্ডহিটার। মাত্র ১৩ বলে ফিফটি পূর্ণ করে স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে দেন তিনি।

লখনৌয়ের বোলারদের ওপর রীতিমতো তণ্ডব চালিয়েছেন উরভিল। বিশেষ করে লেগ-স্পিনার দিগবেশ রাথির এক ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন তিনি। ১৩ বলে ফিফটি করে উরভিল এখন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়ালের (২০২৩ সালে কেকেআরের বিপক্ষে করা রেকর্ড) পাশে নিজের নাম লিখিয়েছেন।

হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পর উরভিল প্যাটেল পকেট থেকে একটি হাতে লেখা চিরকুট বের করে ক্যামেরার সামনে ধরেন। তাতে লেখা ছিল, 'This is for you Papa' (এটি তোমার জন্য পাপা)। প্রয়াত বাবার প্রতি তার এই বিশেষ শ্রদ্ধা নিবেদন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং গ্যালারিতে আবেগঘন পরিবেশ তৈরি করে।

ফিফটির পরেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান উরভিল। ২২ বলে ৬৫ রানের একটি টর্নেডো ইনিংস খেলে তিনি যখন আউট হন, তখন চেন্নাইয়ের স্কোর ১২৭/২। শাহবাজ আহমেদের বলে আভেশ খানের হাতে ধরা পড়ার আগে তিনি চেন্নাইয়ের জয় সহজ করে দিয়ে যান। ইনিংসটিতে একাধিক ছক্কা ও চারের মার ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত