রাজধানীর মৌচাকে মাথায় কংক্রিটের ব্লক পড়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপুর মৃত্যুর ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। এখনও এ ঘটনার রহস্য খুঁজছে পুলিশ। নিহত দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।
গত বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে একটি কংক্রিটের ব্লক পড়ে ঘটনাস্থলেই দীপান্বিতার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নিহতের স্বামী তরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর-মৌচাক এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন দীপান্বিতা। রাতেই রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
রমনা থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। তবে ফুটেজ বিশ্লেষণে এখনও উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি তারা। কংক্রিটের ব্লকটি ভবনের উপর থেকে কিভাবে ভুক্তভোগীর মাথায় পড়ল সেই তথ্য খুঁজছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, কংক্রিটের ব্লকটি সম্ভাব্য তিন জায়গা থেকে ভুক্তভোগীর উপর পড়তে পারে। পুলিশের ধারণা হয়তো কংক্রিটের ব্লকটি কোনো ভবনের ওপর থেকে পড়েছে। যে ভবনের নিচ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন সেখান থেকে কংক্রিটের ব্লকটি পড়তে পারে। অন্যদিকে এই ভবনের পাশে আরও একটি ভবন রয়েছে সেখান থেকেও পড়তে পারে। নয়তো সেখান থেকে কেউ ছুড়ে মারতে পারে। ফ্লাইওভার থেকেও পড়তে পারে। পুলিশ এই বিষয়গুলো সামনে রেখে তদন্ত করছে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে কংক্রিটের ব্লকটি কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনও আমরা তথ্য পাইনি। তবে আমরা অনুসন্ধান করে যাচ্ছি। আমাদের অফিসাররা এ নিয়ে কাজ করে যাচ্ছেন। আশা করি দ্রুতই তদন্ত কাজ শেষ হবে।