‘আর যেন কারো এমন ক্ষতি না হয়’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম

এ ঘটনা নতুন নয়, হরহামেশাই ঘটে। নির্মাণাধীন ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে নির্মাণসামগ্রী (বিশেষ করে ইট) পড়ে প্রাণ যায় নগরবাসীর। আর এই ঘটনায় সর্বশেষ শিকার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানা।

গতকাল রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট জাতীয় একটি বস্তু পড়ে নিহত হন তিনি।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিন বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সাথে মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ও ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহতের স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা হয় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীপু সানা শান্তিনগর এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ওপর থেকে একটি ইট বা ইটজাতীয় বস্তু তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থলের পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ইটটি কোথা থেকে পড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। দীপু সানার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

কথা বলার অবস্থায় নেই নিহতের স্বামী তরুণ বিশ্বাস। তারপরও গণমাধ্যমকর্মীদের বলেন, ওপর থেকে ইট বা সিমেন্টের তৈরি ব্লক পড়ে তার মৃত্যু হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। একটি সিসিটিভি ফুটেজেও তেমনটাই দেখা গেছে। আমি শুধু বলব- এমনভাবে কেউ যেন কোনো ইট বা ব্লক কোনো নির্মাণাধীন ভবনে না রাখেন। কোনো ব্যালকনি বা কার্নিশে না রাখেন। আমার যা ক্ষতি তা তো হয়েছেই। আর যেন কারো এমন ক্ষতি না হয়। আমি জানি না এখন এই অবুঝ শিশুকে নিয়ে কী করব। শাস্তি দাবি করে কী হবে, সে তো আর ফিরে আসবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত