‘‌স্বামীর মৃত্যুতে বিপর্যস্ত’ হামিদা পড়ে গেলেন সাততলা থেকে!

রাজধানীর পান্থপথে একটি বাসার সপ্তম তলা থেকে নিচে পড়ে হামিদা রহমান (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে পান্থপথ গ্রীন রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হামিদা রহমান। এক ছেলে ও এক মেয়েসহ তাদের পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

হাসপাতালের মর্গে হামিদা বেগমের ছেলে মশিউর রহমান ফাহিম জানান, দুই বছর আগে তার বাবা মারা যান। এরপর থেকেই তার মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা করানো হচ্ছিল। এর আগে একবার একাই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। বাসায় থাকতে চাইতেন না তিনি।

মশিউর জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে যখন ঘুমিয়ে পড়েন তারা। এর কিছুক্ষণ পর ভবনের নিচ থেকে খবর পান তার মা নিচে পড়ে গেছেন। পরে ভবনের নিচে একটি বাথরুমের ছাদের ওপরে মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে খানায় খবর দেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নার্গিস আক্তার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই নারী। শুক্রবার দিবাগত রাতে সপ্তম তলার বাসার বারান্দার গ্রিল খুলে গ্রিলের সঙ্গে শাড়ি বেঁধে এবং শাড়ির এক পাশ নিজের কোমরে বেঁধে সেখান দিয়ে নিচে নামার চেষ্টা করছিলেন। তখন শাড়ি ছিড়ে তিনি সপ্তমতলা থেকে ভবনটির নিচে একতলা একটি বাথরুমের ছাদের উপর পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। বিস্তারিত তদন্ত চলছে।