ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোট বাতিল হওয়া ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়।
এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে।
এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী নিলুফার আনজুম নৌকা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট এবং ট্রাক প্রতীকে সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। আজকের ভোট শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রিসাইডিং অফিসার।
ময়মনসিংহ-৩ সংসদ সদস্য নির্বাচনে এখন এই কেন্দ্রটি ‘ভাগ্য নির্ধারণের’ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই কেন্দ্রের তিন হাজার ভোটারই নির্ধারণ করবেন তাদের সংসদ সদস্য।
বেলা ২টা পর্যন্ত ভালুকাপুর কেন্দ্রে প্রায় ১৫০০ এর মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।