তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন চীনবিরোধী ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী উইলিয়াম লাই চিং-তে। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষের পর শুরু হয় গণনা। সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। আর তাতেই দেখা যায়, এখনকার ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে ৪০ শতাংশের বেশি জনরায় নিয়ে জয় পেয়েছেন।
বিবিসি জানাচ্ছে, লাইয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন। তাদের একজন তাইওয়ানের প্রধান বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) প্রার্থী হু যু-ই। চীনের মিত্র হিসেবে পরিচিত এই নেতা পেয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোট। অপরজন অপেক্ষাকৃত নবীন দল তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) প্রার্থী রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে ভোট পেয়েছেন ২৬ শতাংশের মতো।