বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রকিদের আন্দোলন

বকেয়া বেতন প্রদানসহ সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকেরা। আজ রবিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছেন। অবিলম্বে দাবি পূরণ না হলে তারা লাগাতার কর্মবিরতি শুরুর হুমকি দিয়েছেন।

শ্রমিকেরা জানান, দুই সপ্তাহ ধরে তারা বেতন পাচ্ছেন না। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বকেয়ার তৃতীয় কিস্তিও পরিশোধ করা হয়নি। এ অবস্থায় বকেয়া পরিশোধসহ ৭ দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন।

তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদী জানান, দুই সপ্তাহ ধরে বাগান শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের তৃতীয় কিস্তিও দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মোদী বলেন, ‘কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে বেতন আটকে আছে। এতে শ্রমিক পরিবারগুলো সংকটে পড়েছে। বেতন না পাওয়ার কারণে চা শ্রমিকদের ঘরে পৌষ সংক্রান্তি উৎসবও হচ্ছে না ঠিকমতো। তাই অভাবের তাড়নায় শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন।’

তিনি দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানিয়ে বলেন, ‘অন্যথায় মঙ্গলবার থেকে কর্মবিরতির পাশাপাশি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

চা শ্রমিকেরা জানান, বকেয়া পরিশোধ ছাড়াও তাদের অন্য দাবিগুলো হলো- ঘরবাড়ি মেরামত করা, বাগানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, নিয়মিত চিকিৎসাসেবা চালু করা, প্রতিমাসে কেটে রাখা অবসর ভাতা শ্রমিক ইউনিয়নে জমা প্রদান করা, বাগানের যেসব শ্রমিক মারা গেছেন ও অবসরগ্রহণ করেছেন তাদের ৯০ দিনের মধ্যে ভাতা প্রদান করা।

চা বাগানের শ্রমিক মমতা রায় বলেন, ‘চা বাগানই আমাদের জীবন। চা বাগান বন্ধ থাকুক এটা আমরা চাই না। দুই সপ্তাহ ধরে বেতন-ভাতা পাচ্ছি না। ঘরে ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই পেটের তাগিদে আন্দোলন শুরু করেছি।’

তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকদের দুই সপ্তাহের বেতন বকেয়া পড়েছে। এই সমস্যা দ্রুত নিরসন করার চেষ্টা চলছে।’