হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চা বাগানের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ শ্রমিক পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছে। নতুন ঘর পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে কুঁড়েঘরে বসবাস করা বেশ কয়েকটি পরিবার।
সুরমা চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা অনন্ত সাঁওতাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছিলেন। বর্তমানে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, চা বাগানে নগদ আর্থিক সহায়তা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বাইসাইকেল- ছাগল বিতরণ, ফ্যামিলি কার্ডের সুবিধা এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করা হচ্ছে, যা আমাদের জন্য বড় প্রাপ্তি।
সুরমা চা বাগানের উপকারভোগী ধনেশ্বরী সাঁওতাল ও রামনী সাঁওতালবাসী জানায়, এতদিন তারা বাঁশ ও ছনের তৈরি কুঁড়েঘরে বসবাস করতেন। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ত, ঝড় এলেই আতঙ্কে থাকতে হতো। নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই দূর হয়েছে।
সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, হবিগঞ্জ জেলার ২৩টি চা বাগানের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির জন্য কাজ করা হচ্ছে। চা শ্রমিকদের ভূমি অধিকার, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হয়েছে। সরকারও আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, চা বাগানের শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন পাশাপাশি পর্যায়ক্রমে আরও দরিদ্র পরিবারের জন্য আবাসন ব্যবস্থা করা হবে।
