‘আমি কোন ভদ্রলোককে দিয়ে তো গালি দেওয়াই না। একটা গুণ্ডা ধরণের লোক যেকোনো সময় বাজে শব্দ ব্যবহার করতে পাবে। আমি কিন্তু দর্শককে বুঝিয়ে দিলাম কোন চরিত্রটা গালি দিচ্ছে আর কোন চরিত্রটা গালি দিচ্ছে না।’- কেউ কেউ বলেন বাংলা নাটক ধ্বংসের কারণ কাজল আরেফিন অমি। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে এমন কথা বলেন নির্মাতা।
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা আরও বলেন, ‘কথা বলার মত মানুষ চিরকাল থাকবেই। যে মানুষগুলো বলেন আমি নাটক ধংস করছি, তিনি তো নিশ্চয় আমার শত্রু না। তারপর ওই লোকগুলোই আমার কাজ পছন্দ করছেন। আমি চেষ্টা করে যাব তাদের রুচির মত কিছু বানাতে। একটা সিনেমার ভিলেন ধর্ষণ-খুন করবে এটাই তো স্বাভাবিক। ভদ্র মানুষ হয়ে সেটা আমরা গ্রহণ করবো কেনো? আমি তো আমার সেই গালাগালিতে বিপ ব্যবহার করতাম, এখন তো অন্যরা বিপ ব্যবহারই করে না। একটা সময় যারা এই বিপ নিয়ে বড় বড় কথা বলতো তারাই এখন বিপ ছাড়া ফিল্ম-ওয়েব সিরিজ বানায়।’
আগামী ১৮ই জানুয়ারি মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’। সমসাময়িক সমাজ ও সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। গল্পে কমেডির সঙ্গে সমাজের কিছু অসঙ্গতি তুলে এনেছেন।
অমির ভাষ্য, ‘আমার কাছে বর্তমানে যে বিষয়টি সঠিক মনে হয়নি, সেটাই আমার কাছে অসময় মনে হয়েছে। সে বিষয়টিই তুলে আনার চেষ্টা করেছি। মূল বিষয় হল আমাদের সমাজে অনেক বিষয় আছে যেগুলো আমরা বলতে পারিনা। এই কথাগুলোই যদি আপনি মজার ছলে বলেন তাহলে কিন্তু মানুষ শোনে। কিছুটা হাস্যরসের সঙ্গে সমাজে অনেক কঠিন সত্য কথা বলা চেষ্টা করেছি মাত্র।’
‘অসময়’ এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ প্রমুখ।