প্রবাসীর স্ত্রীর ঘরে আওয়ামী লীগ নেতার লাশ

ঝালকাঠিতে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আওয়ামী লীগ নেতার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম রিপন মল্লিক। তিনি ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত আবদুল মল্লিকের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, রিপনের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। তিনি প্রায়ই তার ঘরে যাতায়াত করতেন। চারদিন আগে প্রবাসীর এক ছেলে ঢাকায় চলে যায়। ঘটনার দিন ওই নারী ঘরে একাই ছিলেন। 

পুলিশ জানায়, সোমবার রাতে ওই নারী ঘরের ভেতর থেকে চিৎকার দিলে স্থানীয়রা সেখানে যায়। এ সময় রিপনকে মেঝেতে পড়ে থাকতে দেখে তারা। পরে স্থানীয়রা রিপনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীয়রা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি ওই নারীর ঘরে গিয়ে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। তখন ওই নারী তার ঘরেই বসা ছিলেন।

অভিযুক্ত নারীর বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, আমার খালা ও খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে  তিনি আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। রিপন মল্লিকের সঙ্গে তার ভাই সমীরের জমি নিয়ে বিরোধ ছিল। তবে ঘটনার রাতে তিনি কেন খালার ঘরে গিয়েছিলেন তা আমাদের জানা নেই।

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার ঘোষ বলেন, অভিযুক্ত নারীকে রাতেই আটক করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকতে পারে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।