আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গ করায় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় নাসিরকে। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের সবগুলো মেনে নেন নাসির। এর ভিত্তিতে ছয় মাসের সাজা মওকুফের সুযোগ রেখে দুই বছরের জন্য এ ক্রিকেটারকে নিষিদ্ধ করে আইসিসি।
২০২১ সালের আবুধাবি টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা চলেছিল বলে জানিয়েছিল আইসিসি। সে সময় প্রায় ৭৫০ ডলার মূল্যের একটি নতুন আইফোন ১২ উপহার হিসেবে গ্রহণ করেছিলেন নাসির। এ তথ্য আইসিসির দুর্নীতি বিরোধী শাখায় সময়মতো জানাননি তিনি। এছাড়াও ম্যাচ গড়াপেটার অনুরোধ পেয়েও আইসিসিকে না জানানোর অপরাধ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের তদন্ত কাজেও যথেষ্ঠ সহায়তা করেননি নাসির।
সবগুলো অভিযোগ স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের জার্সিতে ১১৫ ম্যাচ খেলা নাসির। ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। ২ হাজার ৬৯৫ রানের পাশাপাশি ৩৯টি উইকেট আছে তার সংগ্রহে। শাস্তির শর্ত পূরণ ও আচরণ দ্বারা আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে আগামী ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।