নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল ফের কিউইদের বিপক্ষে মাঠে নামবেন শাহিন আফ্রিদিরা। তবে এরই মধ্যে পাকিস্তান শিবিরে ইনজুরি থাবা বসিয়েছে।
আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬ টায় ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
তরুণ পেসার আব্বাস আফ্রিদি চোটের অস্বস্তিতে আছেন, তার পরিবর্তে ম্যাচের একদিন আগে (আজ) ঘোষিত একাদশে নেওয়া হয়েছে আরেক পেসার ওয়াসিম জুনিয়রকে।
আরও দুটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। লেগস্পিনার উসামা মির আগের ম্যাচে ৪ ওভারে দেন ৩৯ রান। মিরকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে আরেক স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে।
আমির জামালকেও বসানো হয়েছে এই ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তিনি ৪২ রান দিয়ে ১ উইকেট নেন। তার বদলে নেওয়া হয়েছে আরেক পেসার জামান খানকে।
তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ : মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), ওয়াসিম জুনিয়র, জামান খান ও হারিস রউফ।