ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব আয়োজনে পরিণত করেছে। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ তৃতীয় দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই মন্তব্য করেন। রাহুলের যাত্রা মণিপুর রাজ্য থেকে গত সোমবার সন্ধ্যায় নাগাল্যান্ডের রাজধানী শহর কোহিমায় প্রবেশ করে। সেখান থেকে রাহুল ওই মন্তব্য করেন।
আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশে রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। ওই অনুষ্ঠানে কংগ্রেসের যাওয়া-না যাওয়া নিয়ে রাজনৈতিক আক্রমণ করে যাচ্ছে বিজেপি।
কংগ্রেসকে বিজেপি ‘হিন্দুবিরোধী’ হিসেবে তুলে ধরে এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এ নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘যেসব মানুষ সত্যিকার অর্থে ধর্মে বিশ^াস করেন, তারা সেই বিশ^াসকেন্দ্রিক চর্চাকে ব্যক্তি পর্যায়েই রাখেন। যারা ধর্মীয় চর্চাকে প্রকাশ্যে নিয়ে আসেন, তারা এর থেকে সুবিধা নিতে চান। আমি আমার ধর্ম থেকে কোনো সুবিধা নিতে চাই না।’