রাজধানীর লালবাগ সুভাষ দাস লেনের একটি বাড়ি থেকে সূচনা আক্তার (১৩) নামে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সুভাষ দাস লেনের ৬৩ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, সূচনার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। বাবার নাম আবু বক্কর সিদ্দিক এবং মায়ের নাম সাবিনা ইয়াসমিন। গত ছয় মাস ধরে লালবাগের ওই বাড়ির ষষ্ঠ তলায় গৃহকর্তা তানভীরের বাসায় কাজ করতেন তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে ওই বাসায় ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সূচনার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।