এস্তোনিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ অধ্যাপক গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন রুশ অধ্যাপককে গ্রেপ্তার করেছে ইউরোপের দেশ এস্তোনিয়ার কর্তৃপক্ষ। বাল্টিক দেশটিতে "গণতান্ত্রিক বিরোধী কর্মকাণ্ড” পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া রুশ অধ্যাপকের নাম ভিচেস্লাভ মোরোজভ। তিনি এস্তোনিয়ার তারতু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনৈতিক তত্ত্বের অধ্যাপক। তার বিরুদ্ধে তারতু বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলে।

সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা (আইএসএস) তাকে আটক করে। তবে তাকে গ্রেপ্তারের তথ্য গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রকাশ করে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইআরআর।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং তাঁকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান টুমাস আসের এ তথ্য নিশ্চিত করেছেন।

এস্তোনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক মার্গো পাল্লোসন ইআরআরকে জানিয়েছেন যে, রাশিয়ায় গেলে মোরোজভ রুশ গোয়েন্দা সংস্থাকে তাদের দেশের তথ্যগুলো জানিয়ে দিতেন।”

তবে রুশ গোয়েন্দা কর্মকর্তাদের মোরোজভ কী কী তথ্য দিতেন, তা জানাননি পাল্লোসন। তবে নিরাপত্তা সংস্থার চাপে পড়ে রাশিয়ায় ভ্রমণ নিয়ে এস্তোনিয়ার নাগরিকদের সতর্ক করেছেন তিনি।

অধ্যাপক মোরোজভ তারতু বিশ্ববিদ্যালয়ে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত বিষয় অধ্যাপনা করতেন। রাশিয়ার রাজনৈতিক পরিচয় ও পররাষ্ট্র নীতিমালা নিয়ে গবেষণার কারণে তিনি বেশ সুপরিচিত। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানালেও অভিযানের বিরুদ্ধে থাকা মানুষদের প্রতি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার আহ্বান জানিয়েছিলেন।

অধ্যাপক মোরোজভের গুপ্তচরবৃত্তি ও গ্রেপ্তারে হতবাক তার সহকর্মীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেপ্তারের খবরে বিস্ময় প্রকাশ করেন তার আগের কর্মস্থল সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির অধ্যাপকরাও। তাদের আস্থার মারাত্মক অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ জানান তার সহকর্মীরা।

তারতু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের প্রধান ক্রিস্টিনা টনিসন দাবি করেছেন, তিনি ১১ জানুয়ারি মোরোজভের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার আট দিন আগে মোরোজভ পুলিশের হাতে আটক হন।

এস্তোনিয়া বারবারই অভিযোগ করে আসছে যে রাশিয়ান গোয়েন্দারা ইউক্রেনের প্রতি সমর্থনকে দুর্বল করার জন্য বাল্টিক রাষ্ট্রগুলোকে আবারও নিজেদের বলয়ে ফেরাতে চাইছে।