টি-টোয়েন্টি

দুর্দান্ত হাসারাঙ্গাতে সিরিজ জিতল শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। আজ ফের হাসারাঙ্গার দারুণ বোলিংয়ে (৪/১৫) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল শ্রীলঙ্কা।

কলম্বোতে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে অলআউট হয় ৮২ রানে। জিম্বাবুয়ে ২৭ বলে হারায় তাদের শেষ ৬ উইকেট। যার চারটি নেন লেগ স্পিনার হাসারাঙ্গা। তার বোলিং ফিগার এমন ৪-০-১৫-৪। শ্রীলঙ্কা ৫৫ বল হাতে রেখে জিতেছে ম্যাচ। ম্যাচ জয়ের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতল লঙ্কানরা।

জিম্বাবুয়ের ছয় ব্যাটসম্যানের রান ছিল এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ২৯ রান করেন বেনেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কুশাল মেন্ডিস ৩৩ রানে আউট হন। পাথুম নিশাঙ্কা ৩৯ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচসেরা হন হাসারাঙ্গা আর সিরিজসেরা অ্যাঞ্জেলো ম্যাথুউস।