পাটুরিয়া ফেরি ডুবির তৃতীয় দিন শুক্রবার দুপুর ২টার দিকে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে উদ্ধারকারী জাহাজ বিকাল ৪টা পর্যন্ত ফেরি উদ্ধারের মূল কাজ শুরুই করতে পারেনি। পজিশন নিতেই হচ্ছে বিড়স্বনা।
তবে সরেজমিনে দেখা যায়, প্রত্যয় জাহাজের হুক ডুবন্ত ফেরিতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লাগাতেই পারেননি। এটাকে উদ্ধার কাজ শুরু বলা যায় না বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ট্রাকচালক ও মালিকদের। অপরদিকে প্রত্যয় আসার পর অলস সময় পার করছেন উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা।
মুজিবল হক নামে ভুট্টা ব্যাসায়ী বলেন, আগে বলত, প্রত্যয় আসলে বাকি ট্রাক উদ্ধার কাজ শুরু হবে। টিভিতে কর্তৃপক্ষ বক্তব্য দিচ্ছে প্রত্যয় কাজ শুরু করেছে। অথচ ঘাটে ২টার দিকে পৌঁছালেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ‘প্রত্যয়’ ফেরি উঠানোর আংশিক কাজই শুরু করতে পারে নাই।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত ৩টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ৬টি ট্রাক শনাক্ত করতে পারিনি। প্রত্যয় ঘাটে এসে কাজ শুরু করেছে।
বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিআইডব্লিউটিসির ডুবুরি দল একসাথে কাজ করছে। নিখোঁজ হুমায়ন কবিরকে আমরা শুক্রবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খুঁজে পাইনি। কেন দেরি হচ্ছে ফেরি উঠাতে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেখেন একটি ভাসমান ফেরি আর ডুবন্ত ফেরির পজিশন এক নয়। এ ডুবন্ত ফেরিটি সম্পূর্ণ উল্টো অবস্থায় আছে। তাই আমাদের অপারেশন পরিচালনা করতে একটু বিলম্ব হচ্ছে। তবে আমরা দ্রুত চেষ্টা করছি ফেরি উদ্ধারের দৃশ্যমান কাজ শুরু করতে।
বিআইডব্লিট এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, শুক্রবার সকাল থেকে আমারা ডুবন্ত ফেরির বিভিন্ন শক্ত স্থানে রশি দিয়ে বাধার কাজ করছি। ফেরির ভেতরে ১০টি ইয়ার লিফটিং ব্যাগ ডুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। দুপুর ২ টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে। বিকাল ৪টার দিকে ডুবন্ত ফেরির কাছে পৌঁছালেও মূল কাজ শুরু করতে পারি নাই।
উল্লেখ্য, গত বুধবার রজনীগন্ধা নামে ছোট একটি ফেরি সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নিচের অংশ ফেটে পানি ঢুকে ডুবে যায়। ২০ জন যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে সহকারী ইঞ্জিন চালক হুমায়ন কবির। আর ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ৩ ট্রাক উদ্ধার করতে পেরেছে।